দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও ৮৩ জন নিখোঁজ রয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সাংবাদিকদের জানান, এই পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৮৩ জন।
প্রথমে নিহতের সংখ্যা ১০ জন বলা হলেও পরে তা বেড়ে ২৭ জনে দাঁড়ায়। শনিবার রাতে রাজধানী জর্জটাউন থেকে এসেকিবো অঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি বারিমা ফেরিটি পথে উল্টে যায়।
দুর্ঘটনা সম্পর্কিত মূল তথ্যসমূহ নিচে তুলে ধরা হলো:
উদ্ধার ও নিখোঁজ: শনিবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। প্রধানমন্ত্রী ফিলিপস জানান, এ পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানের পরিধি ৪-শো থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ বর্গকিলোমিটার করা হয়েছে, যাতে স্থানীয় জেলেদের পাশাপাশি প্রতিবেশী ফরাসি সেনাবাহিনীর ১২ জন ডুবুরি ও চিকিৎসাদল অংশ নিয়েছে।
যাত্রীসংখ্যার গরমিল: নৌযানটির মূল কাগজে ১৩৩ জন আরোহীর তালিকা থাকলেও বাস্তবে এতে ১৭৯ জন যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছেন গায়ানার গণপূর্ত মন্ত্রী হুয়ান এজহিল। রাজধানী জর্জটাউন থেকে এসিকুইবো অঞ্চলের দিকে যাওয়ার পথে এটি দুর্ঘটনার কবলে পড়ে।
জীর্ণ জাহাজ ও তদন্ত: শিপিং ট্র্যাকিং সাইট ‘ভেসেলফাইন্ডার’-এর তথ্যানুযায়ী, ১৯৩৯ সালে নির্মিত দীর্ঘদিনের পুরোনো এই ফেরিটি রওনা দেওয়ার প্রায় আট ঘণ্টা পর বিপদ সংকেত পাঠায়। প্রাথমিক তদন্তে ফেরির দুই ক্রু সদস্যের শরীরে মাদকের (গাঁজা) উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস।












