বিশ্বকাপের শেষ ৩২ দলের ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারের মহানাটকে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ডাচদের ৩-২ ব্যবধানে পরাজিত করে আফ্রিকান পরাশক্তিরা।
মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মরক্কো। ১৯ মিনিটে আশরাফ হাকিমির কর্নার থেকে নেইল এল আইনাউইয়ের হেড দারুণ দক্ষতায় প্রতিহত করেন নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুখেন। দুই মিনিট পরও আরেকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয় মরক্কোর।
প্রথমার্ধের শেষ দিকে পাল্টা আক্রমণে ওঠে নেদারল্যান্ডস। ৪৪ মিনিটে ক্রিসেনসিও সামারভিলের পাস থেকে মিকি ফন দে ফেন শট নিলেও তা রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এরপর যোগ করা সময়ে হাকিমির পাস থেকে ছয় গজ দূরে থেকেও গোল করতে ব্যর্থ হন ইসমায়েল সাইবারি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
ম্যাচের ৭২ মিনিটে ডাচ উইঙ্গার ক্রিসেনসিও সামারভিলের পাস থেকে জোরাল শটে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন কোডি গাকপো। সদ্য সন্তান হারানো শোকগ্রস্ত গাকপো গোলটি করার পর হাঁটু মুড়ে বসে আবেগাপ্লুত হয়ে পড়েন।
ডাচদের জয় যখন প্রায় নিশ্চিত, ঠিক তখনই যোগ করা সময়ের (৯১ মিনিট) মাথায় মরক্কোর মিডফিল্ডার শেমসদিন তালবির ক্রস থেকে দুর্দান্ত হেডে সমতা ফেরান ডিফেন্ডার ইসা দিওপ। এরপর অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় স্নায়ুক্ষয়ী পেনাল্টি শুটআউটে। সেখানে নেদারল্যান্ডস তিনটি শট মিস করলে ডাচদের কান্না আর মরক্কোর উল্লাসের মধ্য দিয়ে শেষ হয় এই মহানাটকীয় ম্যাচ।












