‘আগামী দুই দিনের মধ্যে’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদপত্রটিকে ট্রাম্প বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তান) যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।’

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে, তাই আপনাদের সেখানেই (পাকিস্তানে) থাকা উচিত। আলোচনার জন্য আমরা পাকিস্তানে যেতেই বেশি আগ্রহী।’

পাকিস্তান কেন প্রথম পছন্দ—এমন প্রশ্নের জবাবে তিনি নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘এর সম্ভাবনাই বেশি, জানেন কেন? কারণ ফিল্ড মার্শাল দারুণ কাজ করছেন। তিনি অসাধারণ, এবং তাই আমাদের সেখানে ফিরে যাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা এমন কোনো দেশে কেন যাব যার এর সাথে কোনো সম্পর্কই নেই?’

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলগুলো চলতি সপ্তাহের শেষের দিকে ফের ইসলামাবাদে আলোচনায় বসতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পরই ট্রাম্পের এই ঘোষণা এলো।

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ অন্যদের মধ্যে বৈঠক হয়। তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

মঙ্গলবার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে একমত হওয়ার ‘কোনো তথ্য নেই’।