নারায়ণগঞ্জের ফতুল্লায় পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের সবাই প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৫ মে) সকালে মা সালমা আক্তারের (৩২) মৃত্যুর মাধ্যমে এই পরিবারের শেষ প্রদীপটিও নিভে গেল। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে মারা যান সায়মার স্বামী সবজি বিক্রেতা মো. কালাম (৩৫) এবং তাদের তিন সন্তান মুন্নি (১০), মুন্না (৭) ও কথা (৭)।
গত রবিবার ফতুল্লার গিরিধারা এলাকার একটি ভাড়া বাসায় তিতাস গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের সবার অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন ছিল। শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে একে একে না ফেরার দেশে চলে গেলেন পরিবারের পাঁচ সদস্যই। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।












