দিনাজপুরে টেস্টি ট্রিট নামক একটি রেস্টুরেন্ট থেকে নাস্তা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন গার্ক চক্ষু হাসপাতালের ৬০ কর্মকর্তা-কর্মচারী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে। অসুস্থ ৬০ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মোট ৬০ জন রোগী ভর্তি হন। বিকেল থেকে রাত পর্যন্ত দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মোট ৬০ জনকে ভর্তি করা হয়।
অসুস্থদের মধ্যে বমি, পেটব্যথা, ডায়রিয়া ও দুর্বলতার মতো উপসর্গ দেখা গেছে বলে চিকিৎসকরা জানান। প্রাথমিকভাবে এটিকে খাদ্যে বিষক্রিয়া হিসেবে ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতে ল্যাবরেটরি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
অসুস্থদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠান শেষে হাসপাতাল কর্তৃপক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইচ নাস্তা হিসেবে দেয়। পরে দুপুরের পর একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন। হাসপাতালটির মোট ৬০ জন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর জেনারেল হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ফজলুর রহমান জানান, সন্ধ্যার পর ৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন আসিফ ফেরদৌস জানান, সদর হাসপাতালে একজন শিশুসহ ১৪ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সবার অবস্থার উন্নতি হচ্ছে। তাদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, ঘটনার পর রাতে রেস্টুরেন্টটিতে অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা বলেন, রেস্টুরেন্ট থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আপাতত ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইচ প্রস্তুত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।












