আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের দিন ইন্টারনেট সচল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামে নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিনি জানান, নির্বাচনের সময় ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ চালু রাখা হবে। যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে ইন্টারনেট বন্ধের চেষ্টা করে, তবে তাকে অবিলম্বে কঠোর আইনের আওতায় আনা হবে। সরকারের মূল পরিকল্পনা হলো তথ্য ও যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক বা ইন্টারনেটের মতো মাধ্যমগুলো বন্ধ করা এখন আর কোনোভাবেই গ্রহণযোগ্য বা আধুনিক সমাধান নয়। বর্তমান সরকার জনগণের স্বাধীন মত প্রকাশে বিশ্বাসী এবং বিগত আমলের মতো কোনো বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ আরোপ করা হবে না। সাংবাদিক ও সাধারণ মানুষ যাতে স্বাধীনভাবে তথ্য আদান-প্রদান ও সংবাদ প্রচার করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, আগে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এসে সত্য বলার সাহস পেতেন না, কিন্তু এখন সেই পরিবেশ পুরোপুরি বদলে গেছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড অনেক পুরোনো শব্দ। কিছু কিছু শব্দ আছে, যেগুলো সব সময় ব্যবহার হয়। কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে ফিল্ড লেভেল না। কিন্তু আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনটা লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে।
নির্বাচনকালীন অভ্যন্তরীণ কোন্দল ও সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে যেসব বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, তার অনেকটাই রাজনৈতিক দলগুলোর নিজস্ব কোন্দলের ফল। তিনি সব রাজনৈতিক দলকে এ বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান যাতে কোনো অপ্রীতিকর ঘটনা নির্বাচনের পরিবেশ নষ্ট না করে।












