প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন বৈঠক করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আরও ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার কর্মসূচি এবং আইএমএফের সঙ্গে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রী সকাল ৯টায় সচিবালয়ে তার দপ্তরে এসেছেন। সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন।

অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজ শুরু করেন।

এসময় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊধর্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।