দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা যাচ্ছে সাকিব আল হাসানকে। এবার এশিয়ার সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
বুধবার (২৯ জুলাই) রাতে টুর্নামেন্টটির আয়োজকরা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ১৬ সদস্যের বাংলাদেশ টাইগার্স দল ঘোষণা করে। দলে সাকিবের সহ-অধিনায়ক করা হয়েছে সাবেক অলরাউন্ডার অলক কাপালিকে।
আফ্রিকার দেশ জাম্বিয়ার লুসাকা স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় আসরটি। এ ছাড়া ধীমান ঘোষ, মেহেদি মারুফ, শফিউল ইসলাম, আবুল হাসান রাজুদের মতো পরিচিত মুখও রয়েছেন দলে।
পাশাপাশি এই লিগে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান স্টার্স, ইন্ডিয়ান্স রয়্যালস, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স, শ্রীলঙ্কান লায়ন্স।
ভারতের প্রতিনিধিত্ব করবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক, হরভজন সিং, সুরেশ রায়নারা। শ্রীলঙ্কার দলে রয়েছেন কুমার সঙ্গকারা, উপল থারাঙ্গা। পাকিস্তানের দলে থাকছেন মহম্মদ হাফিজ, শোয়েব মালিক উমর আকমলের মতো তারকারা।
বাংলাদেশ টাইগার্স দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।












