বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম।

দুর্ঘটনায় নিহত চারজনই পিকআপের আরোহী; চালক, হেলপার এবং দ্ইু মাছ ব্যবসায়ী। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। পেশায় তিনি মাছ ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় বগুড়া ছেড়ে আনা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন।

খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ও কাহালু থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করেন।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। অন্যদের নাম পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।