সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (৩১ জুলাই) ঢাকাস্থ ইউএই দূতাবাস জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট কঠিন সময়ে বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিঠিতে শেখ মোহাম্মদ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য—এই ভিত্তির ওপর দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলাদেশ সফরের আমন্ত্রণকে স্বাগত জানিয়ে ইউএই প্রেসিডেন্ট জানান, সুবিধাজনক প্রথম সুযোগেই তিনি সরকারি সফরে ঢাকা আসতে আগ্রহী। তার আশা, এই সফর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও গভীর করবে এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।

চিঠিতে সাম্প্রতিক হামলায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোকও প্রকাশ করেন শেখ মোহাম্মদ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।