বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ বার্ষিক মহড়া ‘টাইগার লাইটনিং’ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ। দুই দেশের সামরিক বাহিনীর ১৬০ জনের বেশি সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছেন।শনিবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, মহড়ার প্রধান লক্ষ্য হলো দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা, সামরিক কার্যক্রম পরিচালনার দক্ষতা বাড়ানো এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কাজ করার সক্ষমতা বা আন্তঃকার্যক্ষমতা উন্নত করা। এর মাধ্যমে উভয় দেশের সামরিক সদস্যরা একে অপরের সক্ষমতা ও অভিজ্ঞতা সম্পর্কে আরও ভালোভাবে জানার সুযোগ পাবেন।
‘টাইগার লাইটনিং ২০২৬’-এ জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার কৌশল বা ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। মহড়ায় শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের বিভিন্ন অনুশীলনও থাকবে। শেষ পর্যায়ে একটি পূর্ণাঙ্গ মাঠ প্রশিক্ষণ অনুশীলন বা ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।
মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, এই যৌথ মহড়া ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং বৃহত্তর নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত সম্পর্ক জোরদার, সামরিক প্রস্তুতি বৃদ্ধি এবং যৌথভাবে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
.
উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘টাইগার লাইটনিং’ যৌথ সামরিক মহড়া প্রথম শুরু হয় ২০১৭ সালে। কোভিড-১৯ মহামারির সময় সাময়িক বিরতির পর গত পাঁচ বছর ধরে এটি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের মহড়াও দুই দেশের সামরিক বাহিনীর নিয়মিত সহযোগিতার ধারাবাহিকতার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।












