তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) কাহরামানমারাস এলাকার আইসের চালিক মাধ্যমিক বিদ্যালয়ে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।  দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিহতদের মধ্যে ৮ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। এছাড়া হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারী ছিল ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী, যে ঘটনাস্থলেই আত্মহত্যা করে। সে তার বাবার বন্দুক ব্যবহার করে হামলা চালায়।

গভর্নর মুকেরেম উনলুয়ের জানান, হামলাকারী একটি ব্যাগে করে একাধিক অস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করে এবং দুটি শ্রেণিকক্ষে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।

এর আগে গত মঙ্গলবারও তুরস্কের দক্ষিণাঞ্চলে আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক সাবেক শিক্ষার্থীর গুলিবর্ষণে ১৬ জন আহত হয়েছিল। ওই ঘটনার পর হামলাকারী নিজেও আত্মহত্যা করে।

বিদ্যালয়ে এই রক্তক্ষয়ী হামলার পর গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, “আমাদের সন্তান, আমাদের পরিবার এবং আমাদের শিক্ষকদের ওপর এই আঘাত অত্যন্ত বেদনার। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”