বিরোধীদল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এমাজউদ্দীন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, “আমি মনে করি যে, বিরোধী দল শুধুমাত্র তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে (জুলাই আন্দোলনকে) তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে—জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারে পরিণত হোক।
এ সময় তিনি জানান যে তারা একসাথে জুলাই সনদ স্বাক্ষর করলেও গণভোটের অংশ এবং উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়ে তাদের সাথে কোনো আলোচনাই করা হয়নি এবং তারা এতে একমতও হননি। জাতীয় ঐকমত্য কমিশন তাদের সম্মতি ছাড়াই জুলাই সনদে ওই কথাগুলো অন্তর্ভুক্ত করায় বিষয়টিকে তিনি জাতির সাথে প্রতারণা বলে অভিহিত করেন এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন যে তারা বরাবরই সংবিধান সংশোধন করতে চেয়েছেন, সংবিধান সংস্কারের কথা কখনো বলেননি। দেশে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের ধারা এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান পার্লামেন্টে সারারাত কাজ করে বিএনপিই নিয়ে এসেছে উল্লেখ করে তিনি মন্তব্য করেন যে, আজকে যখন নতুন করে সংস্কারের কথাগুলো বলা হয়, তা মূলত জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হচ্ছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরুর সময় থেকেই তারা দেশের সর্বস্তরের শিক্ষিত ও বুদ্ধিজীবী সমাজকে এক কাতারে আনার চেষ্টা করেছিলেন যেন সবাই সোচ্চার হন।
আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে এবং এই ঐতিহাসিক সুযোগের পর এখন দেশে সত্যিকারের একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন দেখছেন তারা।
দেশের বর্তমান পরিস্থিতি ও নেতৃত্বের কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তাদের প্রধানমন্ত্রী মানুষের কাছে ছুটে গিয়ে, সাধারণ মানুষের কাছাকাছি অবস্থান করে তাঁর পিতার মতো সবাইকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে এগিয়ে চলছেন। জুলাই আন্দোলন শুধু একটি নির্দিষ্ট মাসের জন্য নয় উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের চূড়ান্ত রূপই জুলাইয়ে প্রকাশ পেয়েছে।












