বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার (২ জুন) বিকেলে নিজ জন্মভূমি ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে বাবা-মা ও প্রয়াত স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং হাজারো সাধারণ নাগরিক অংশ নেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা, হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। প্রায় আট মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার জীবনাবসান ঘটে।
গ্রামের বাড়ির প্রতিবেশী ও স্বজনরা জানান, প্রবীণ রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা হিসেবে তিনি প্রায় ছয় দশক ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। গত কয়েক বছর ধরে তোফায়েল আহমেদ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। স্ট্রোকজনিত কারণে তার চলাফেরা সীমিত হয়ে পড়েছিল এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
প্রতিবেশীরা জানান, তোফায়েল আহমেদ যখনই গ্রামের বাড়ি আসতেন, তখনই তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করতেন। কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। তোফায়েল আহমেদের জন্য দল-মত নির্বিশেষে সবার কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা।
গোরখোদক আবু তাহের দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে মৃত মানুষের জন্য কবর খুঁড়ে আসছেন। আজ তোফায়েল আহমেদের কবর খুঁড়তে গিয়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, তোফায়েল আহমেদের বাবা, মা, চাচা-চাচি, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজনের কবর তিনি খুঁড়েছেন। আজ তোফায়েল আহমেদের কবর খুঁড়তে গিয়ে তার খুব খারাপ লাগছে।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমী বলেন, ব্যক্তিগতভাবে তিনি গভীরভাবে শোকাহত। দীর্ঘদিন পাশাপাশি রাজনীতি করেছেন বলে জানান তিনি। তার ভাষায়, ‘তোফায়েল আহমেদের মৃত্যুতে ভোলাবাসী একজন অভিভাবক হারিয়েছে।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। শিক্ষাজীবনের শুরু ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে। পরে বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক উত্থান শুরু হয়। ইকবাল হল ছাত্র সংসদ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছাত্রসমাজের অন্যতম জনপ্রিয় নেতা হয়ে ওঠেন।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে আসেন তোফায়েল আহমেদ। ওই আন্দোলনের মধ্য দিয়েই আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দি শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে।
ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি, যখন রেসকোর্স ময়দানের বিশাল জনসমাবেশে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করার ঘোষণা দেন তোফায়েল আহমেদ। এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।
১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘মুজিব বাহিনী’র চার প্রধানের একজন হিসেবে দক্ষিণাঞ্চলীয় অঞ্চলের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাষ্ট্র পরিচালনায় যুক্ত হন। মুজিবনগর সরকার গঠন, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন এবং রাষ্ট্র পুনর্গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে ভূমিকা রাখেন তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে গ্রেপ্তার হন তোফায়েল আহমেদ। দীর্ঘ প্রায় ৩৩ মাস কারাবন্দি জীবন কাটান তিনি। কারাগারে থেকেও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং পরবর্তীতে দলকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামরিক শাসনবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং এরশাদবিরোধী আন্দোলনেও তিনি ছিলেন সক্রিয় ও প্রভাবশালী নেতা।
তোফায়েল আহমেদ মোট ১২ বার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচন থেকে শুরু করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তার রাজনৈতিক পথচলা বিস্তৃত ছিল।
আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করার পাশাপাশি পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও ছিলেন। ১৯৯৬ সালে শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রভাবশালী অবস্থানে থাকলেও শেষ দিকে দলীয় রাজনীতিতে অনেকটাই নীরব ও আড়ালে চলে যান তোফায়েল আহমেদ। রাজনৈতিক অঙ্গনে তার অবস্থান, মতপার্থক্য এবং বিভিন্ন সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে নানা আলোচনা থাকলেও তিনি সক্রিয় রাজনীতি থেকে পুরোপুরি সরে যাননি।
রাজনৈতিক জীবনের নানা উত্থান-পতন ও বাস্তবতার মধ্যেও তিনি নিজের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। জীবনের শেষ সময় পর্যন্ত দেশের রাজনীতি ও জাতীয় বিষয়গুলো নিয়ে আগ্রহী ছিলেন ছাত্রনেতা, গণঅভ্যুত্থানের সংগঠক, মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনৈতিক কৌশলবিদ—বহুমাত্রিক পরিচয়ের অধিকারী ছিলেন তোফায়েল আহমেদ। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক বিকাশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে।
তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সমসাময়িক নেতারা। ইতিহাসের নানা বাঁকবদলের সাক্ষী এই প্রবীণ রাজনীতিককে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানিয়েছে তার জন্মভূমি ভোলা।












