মাদারীপুরের কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে চার শিশু শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন।
বিস্ফোরণে মাদ্রাসার শিক্ষার্থী মিনহা (১০), জান্নাত (৯), মাইমুনা (৯) ও আবিদা (৮) আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর-কালকিনি সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা টিফিন খেতে গেলে বৈঠকখানার বাইরে বলসদৃশ একটি বস্তু দেখতে পায়। তারা সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, বস্তুটি ককটেলজাতীয় বোমা।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে ওই এলাকায় বিভিন্ন সময়ে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বোমাটি কীভাবে সেখানে এলো, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
‘ঘটনার পর পুলিশ, সিআইডি ও র্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমা বিস্ফোরণের পর স্থানীয়রা আহত চার শিক্ষার্থীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান’, বলেন তিনি।












