অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে ঢালিউড ও টলিপাড়ায় দীর্ঘদিনের কৌতুহল ফের নতুন করে তুঙ্গে উঠেছে। এতদিন বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি তা হেসেই উড়িয়ে দিতেন, নয়তো বলতেন— কাজ, প্রিয় বই আর পোষ্যদের নিয়ে তিনি দিব্যি সুখে আছেন। তাছাড়া জীবনের এই ব্যক্তিগত দিকটি তিনি সবসময় আড়াল করতেই ভালোবাসেন। তবে সাম্প্রতিক গুঞ্জন বলছে, সেই চিরচেনা অবস্থান থেকে সরে এসে অবশেষে সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই টলিউড নায়িকা।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষেই বিয়ের পরিকল্পনা রয়েছে মিমির। টালিপাড়ার একটি সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই পাহাড়ঘেরা কালিম্পংয়ে বসতে পারে অভিনেত্রীর বিয়ের জমকালো আসর।

তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পাত্রকে ঘিরে। গুঞ্জন রয়েছে, মিমির হবু জীবনসঙ্গী নাকি বিনোদন জগতের কেউ নন। তিনি ভারতের নৌবাহিনীতে কর্মরত। নাম সিদ্ধার্থ এমনটাই শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও মিমি চক্রবর্তী নিজে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

মিমির ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই তার প্রেম ও বিয়ে নিয়ে নানা জল্পনা থাকলেও বরাবরই ব্যক্তিগত বিষয় অনেকটা আড়ালেই রেখেছেন অভিনেত্রী। এবার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয়েছে আলোচনা।

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমির। এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় অভিনয় করে রাতারাতি দর্শকের মনে জায়গা করে নেন তিনি। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেন টালিউডে।

শুধু অভিনয় নয়, ২০১৯ সালে রাজনীতির ময়দানেও পা রাখেন মিমি। যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্যও হন তিনি।

বর্তমানে অবশ্য অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটছে অভিনেত্রীর। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ একাধিক কাজ রয়েছে তার হাতে। দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা নতুন সিনেমাটির।

এরই মধ্যে বিয়ের এমন খবরে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে মিমির ভক্তদের। সত্যিই কি ডিসেম্বরেই পাহাড়ের কোলে বসছে তার বিয়ের আসর? আর সেই সিদ্ধার্থই কি হতে যাচ্ছেন অভিনেত্রীর জীবনসঙ্গী? উত্তর মিলবেথেকেই। ভক্তদের এখন শুধু মিমির মুখ শোনার অপেক্ষা।