যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলার হুমকির প্রেক্ষাপটে ইরান অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, দেশটির ভূখণ্ডে যেকোনো ধরনের আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ এবং বিধ্বংসী।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দেশটি ঐক্যবদ্ধ এবং কোনো আগ্রাসনের জবাব শক্তভাবে দেওয়া হবে। তিনি অভ্যন্তরীণ বিভাজনের কথা নাকচ করে বলেন, আমরা সবাই বিপ্লবী।
তিনি আরও জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি জনগণের সমর্থন রয়েছে এবং যেকোনো হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে। তবে এতে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।
অন্যদিকে ইসরায়েল আবারও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় আছে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে ইরানের নেতৃত্ব ও জ্বালানি স্থাপনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে।
মার্কিন বাহিনীও অঞ্চলে উপস্থিতি বাড়িয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি যুদ্ধজাহাজ, যার মধ্যে দুটি বিমানবাহী রণতরী আছে।












