কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা।
সফরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। বিমানবন্দর থেকে তারা সরাসরি উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যান।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি দলটি উখিয়ায় পৌঁছার পর প্রথমে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জাতিসংঘ খাদ্য কর্মসূচি পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এরপর প্রতিনিধি দলটি বর্ধিত অংশ ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।
রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন শেষে বিকালে উখিয়া উপজেলা সদরের নর্থ ইন্ড কফি রেস্টুরেন্টে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকের কথা রয়েছে।
বৈঠকটি শেষ হওয়ার পর সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।












