সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে রোড আইল্যান্ড ও ওভারব্রিজের সঙ্গে ধাক্কাজনিত দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা গ্যাস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম ও নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম। অন্য জনের পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিররুল ইসলাম জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।












