দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এবং নতুন করে আরও ১ হাজার ১৩ জনের শরীরে হাম ও এর লক্ষণ দেখা গেছে। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত একদিনে ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হলেও হামে আক্রান্ত হয়ে সরাসরি কারও প্রাণহানি ঘটেনি। তবে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত গত চার মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৬৮৫ জন এবং ল্যাব টেস্টে হাম শনাক্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং একই সময়ে আরও ৮৭৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ১১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং মোট ১৪ pit ২৪৪ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত চার মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৮ হাজার ৬০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাদের মধ্যে এ পর্যন্ত মোট ৯৫ হাজার ৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।












