দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৮০ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ৯৮ জন। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩১২ জনের শরীরে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছে ৯৯২ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬৩ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ২৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।