দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭১৫টি শিশুর। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫০ জন। ফলে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ১৫০ জন।
এদিকে, একই সময়ে পরীক্ষাগারে আরও ১৮৭ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এতে দেশে মোট পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৫ হাজার ১৯৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত মোট ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।











