হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৮২ জনের।
সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়, যা ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু আর হাম শনাক্ত হয়েছে ৮২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৭১ জনের মধ্যে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৯ জন। আর হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭১৩ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে এই সময়ের মধ্যে ১৫৬ শিশুর মৃত্যু হয়েছে।
আর, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আসা ১৭ হাজার ২৪ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৪ জন।
তাদের মধ্যে ২ হাজার ৭২১ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৮ হাজার ৩৬৯ জন।












