নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে করা ১২টি মামলার সবকটিতেই জামিন বহাল রেখেছেন আদালত।
রোববার (১৭ মে) সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত তার জামিন বহাল রেখে আদেশ দেন।
এর ফলে সাবেক এই মেয়রের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে, গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার হত্যাসহ পৃথক ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। ওই ১০ মামলার পর আইভীকে নতুন করে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল, যেগুলোতে গত ৩০ এপ্রিল হাইকোর্ট বিভাগ তাকে জামিন দেন।
আজ চেম্বার আদালত সেই দুটি মামলার জামিনও বহাল রাখায় তার বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবকটিতেই জামিনের বিষয়টি চূড়ান্ত হলো।












