যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)।
শুক্রবার (৮ মে) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বসন্তকালীন সমাবর্তনে এ সম্মাননা দেওয়া হয়। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।
এর আগে মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফ্লোরিডার মায়ামির বাংলাদেশ কনস্যুলেটে চিঠি দিয়ে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকেও এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে। ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার আনুষ্ঠানিকতা চলাকালে বৃষ্টি ও লিমনের সম্মানে রেগালিয়াসহ (গাউন, ক্যাপ ও হুড) দুটি খালি চেয়ার রাখা হবে।











