জ্বালানি সংকট কাটাতে দেশে আসছে ডিজেলের বড় চালান। গেল সপ্তাহে যেখানে এসেছিল ১ লাখ ১০ হাজার টন ডিজেল, সেখানে চলতি সপ্তাহেই ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল ও ৩২ হাজার টন জেট ফুয়েল নিয়ে দেশে আসছে আরও পাঁচটি জাহাজ।

আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালেই ওমান থেকে ৩৫ হাজার টন ও দুপুরে মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গোল্ডেন হরাইজন ও এফপিএমসি। এছাড়া বিকালে ভারত থেকে আরও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসবে প্যাসিফিক ইনডিগো।

জাহাজগুলোর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন নজরুল ইসলাম জানান, দেশে জ্বালানি সংকটের বিষয়টি মাথায় রেখে দ্রুততম সময়ে তেল খালাসের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আগে থেকে লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। জাহাজ এসে ভেড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেল খালাস শুরু করে দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গত শুক্রবার ১ লাখ ৩৬ হাজার টন জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ এসে ভিড়েছিল। সেগুলোর খালাস কার্যক্রম এখনও চলছে। এর সঙ্গে আজকে যোগ হচ্ছে ১.০১ লাখ টন নিয়ে আসা আরও তিনটি জাহাজ। আগামী তিন দিনে ৩২ হাজার টন ডিজেল নিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আসবে হাফনিয়া চিতা। আর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ৩২ হাজার টন জেট ফুয়েল নিয়ে আসবে জিং টং ৭৯৯।