রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের উড়ালসড়ক (ফ্লাইওভার) থেকে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনসহ আরও চার সদস্য আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। দুর্ঘটনায় আহত বিমানবাহিনীর চার সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমানবাহিনীর সদস্য। আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় দেওয়া হবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, থার্ড টার্মিনালের র‌্যাম্পে ওঠার সময় বিমানবাহিনীর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এ ছাড়া দুর্ঘটনায় কর্পোরাল সিফাত (আবু সাঈদ), কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় সিনিয়র অফিসার আবুল খায়ের নামের আরেক কর্মকর্তা সামান্য আহত হন।

ঘটনার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা করে আহত ও নিহতদের উদ্ধার করা হয়। আহত সদস্যদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।