আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এই আইনটি সংসদে উত্থাপন করেন। পরে সর্বসম্মত কণ্ঠভোটে এটি পাস হয়।
এই বিল পাস হওয়ার ফলে, এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে।
বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হওয়ার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে।
এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল।
অন্তর্র্বতী সরকারের সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি।
বিশ্লেষকদের মতে, কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হলে এরপর আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনা যাবে।












